ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি-বিদেশি ৫৪টি এয়ারলাইন্সের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মোট পাওনা তিনশ ১৬ কোটি টাকার বেশি বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
মন্ত্রী জানান, মোট পাওনা তিনশ ১৬ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে সর্ব্বোচ পাওনা একশ ৪৪ কোটি ৪০ লাখ টাকা। জিএমজি এয়ারলাইন্সের কাছে ৩৭ কোটি ৪৫ লাখ, ইভা এয়ারের কাছে ১৬ কোটি ১১ লাখ এবং ভিয়েতনাম এয়ারলাইন্সের কাছে ১৩ কোটি ৭২ লাখ টাকা পাওনা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত পাওনা কোনো টাকাই পরিশোধ করেনি বলে জানান বিমানমন্ত্রী।
নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের জানান, উড়োজাহাজ স্বল্পতা ও আর্থিক লোকসানের কারণে নিউইর্য়ক, ব্রাসেলস, ম্যানচেস্টার, প্যারিস, ফ্রাংকফুর্ট, মুম্বাই, টোকিও ও ইয়াংগুনে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে।
মন্ত্রী জানান, বিমানের মোট ১২টি উড়োজাহাজের মধ্যে চারটি ডিসি-১০, তিনটি এয়ারবাস এ-৩১০-৩০০, একটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, দু'টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দু'টি এফ-২৮।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে ১০টি নতুন প্রজন্মের উড়োজাহাজ কেনার জন্য কিছুদিন আগে চুক্তি করেছে। এর মধ্যে দু'টি ৭৭৭-৩০০ ইআর ২০১১ সালে, দু'টি ৭৭৭-৩০০ ইআর ২০১৩ সালে, দু'টি ৭৩৭-৮০০ ২০১৫ সালে এবং চারটি ৭৮৭-৮-এর মধ্যে দু'টি ২০১৯ এবং দু'টি ২০২০ সালে বিমানের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/পিডি/২০১৬ ঘ.
bdnews24