২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক ডিআইজির জবানবন্দি

১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী হিসেবে এবার আদালতে জবানবন্দি দিয়েছেন পুলিশের বিশেষ শাখার সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শামসুল ইসলাম। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী হিসেবে এবার আদালতে জবানবন্দি দিয়েছেন পুলিশের বিশেষ শাখার সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শামসুল ইসলাম। (আরো তথ্যসহ) রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণির আদালতে ১৬৪ ধারায় চার পৃষ্ঠার এ জবানবন্দি দেন তিনি। জবানবন্দি দেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন। দুপুর দুইটা থেকে পৌনে তিনটা পর্যন্ত মহানগর হাকিম এ জবানবন্দি নথিভূক্ত করেন। মামলার তদন্তে জড়িত সিআইডি'র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক এই ডিআইজি জবানবন্দিতে তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের বিরুদ্ধে সরকারি তদন্ত প্রতিবেদনে তার কাছ থেকে (শামসুল ইসলাম) জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন। জবানবন্দিতে তিনি বলেন, 'সদস্য সচিব হওয়া সত্ত্বেও আমাকে না জানিয়ে সরকারি তদন্ত প্রতিবেদন তৈরি করা হয় এবং আমাকে তাতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।' ২০০৪ সালের ১ এপ্রিল অস্ত্র খালাস ও চোরাচালানের ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির সদস্য সচিব ছিলেন ডিআইজি শামসুল ইসলাম। এর আগে ২০ সেপ্টেম্বর ওই তদন্ত কমিটির সদস্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক ডিআইজি ফররুখ আহম্মদ চৌধুরী এবং ১৬ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে প্রধান করে গঠিত এ কমিটির অন্য সদস্য ছিলেন এনএসআই এর সাবেক মহাপরিচালক ও অস্ত্র আটকের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী। তিনি এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। রোববার এ মামলার অধিকতর তদন্তের জন্য দশমবারের মতো ৬০ দিন সময় বাড়ায় আদালত। এর আগে ফররুখ আহমেদও তার জবানবন্দিতে তদন্ত কমিটির প্রধান ও সাবেক স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করার অভিযোগ আনেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা দায়ের করে। বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক দুই প্রধান, তিন সাবেক কর্মকর্তা, সিইউএফল এর তৎকালীন মহাপরিচালক ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়। এছাড়া তখনকার শিল্প ও স্বরাষ্ট্র সচিব, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, নৌ-বাহিনী এবং কাস্টমসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/পিডি/২৩৪০ঘ.