২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলায় আমার দেশ প্রকাশকের জামিন

মানহানি মামলায় রাজশাহীর একটি আদালত থেকে জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক মো. হাসমত আলী হাসুসহ দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানি মামলায় রাজশাহীর একটি আদালত থেকে জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক মো. হাসমত আলী হাসুসহ দুইজন। আরেকজন হলেন পত্রিকাটির রাজশাহী অফিস প্রধান সরদার এম আনিসুর রহমান। রোববার দুপুরে তারা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মশিউর রহমান চৌধুরী তাদের জামিন মঞ্জুর করে আগামী ২৯ নভেম্বর মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করেন। গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মুখ্য মহানগর হাকিম আদালতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী ও রাজশাহী অফিস প্রধান আনিসুর রহমানকে আসামি করে একটি মানহানি মামলা করেন। ওইদিনই পত্রিকাটির প্রকাশক ও রাজশাহী অফিস প্রধানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেইসঙ্গে কারাগারে আটক সম্পাদক মাহমুদুর রহমানকে আদালতে হাজির করারও নির্দেশ দেন। কিন্তু মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়নি। মামলায় অভিযোগ করা হয়, গত ২১ সেপ্টেম্বর আমার দেশ পত্রিকায় 'ইমেজ সংকটে রাজশাহী মেয়র, ২৩ প্রতিশ্র"তির কোনোটিই পূরণ হয়নি' শীর্ষক সংবাদে মেয়রকে 'টেন্ডারবাজ' ও 'দুর্নীতির মিস্টার টোয়েন্টি পারসেন্ট' উল্লেখ করা হয়। এতে মেয়র হিসেবে তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯৩৯ ঘ.