বাগেরহাট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলার ছোট চরকাঠি গ্রাম থকে রোববার দুপুরে সোনালী প্রলেপ দেওয়া মুদ্রাসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- চিতলমারী উপজেলার শান্তিপুর গ্রামের নির্মল কুমার বিশ্বাস (৫৬) এবং উমাজুড়ি গ্রামের কৃষ্ণপদ রায় (৪৬)।
তাদের কাছ থেকে সোনালী প্রলেপ দেওয়া প্রায় আড়াই কেজি মুদ্রা উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৬'র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মীর মোদাচ্ছের হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে র্যাবের একটি দল স্বর্ণমুদ্রার ক্রেতা সেজে চরকাঠি গ্রামে মো. সিদ্দিক শেখের বাড়িতে যায়। সেখানে নির্মল ও কৃষ্ণ তাদের সোনালী প্রলেপ দেওয়া কয়েন দেখায়। প্রতিকেজি মুদ্রা তারা সাড়ে চার লাখ টাকা দাম চায়।
সন্দেহ হলে তারা কুমার ও কৃষ্ণপদকে গ্রেপ্তার করে। বিকালে তাদের বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়।
এর আগে তারা যশোরের বেনাপোল এলাকার ইউনুস শেখ ও ওয়াছেক আলী নামে দুই ব্যবসায়ীর কাছে ১৫ হাজার টাকার নকল মুদ্রা বিক্রি করেছে বলে র্যাবের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ব্যাপারে ইউনুস শেখ বাদী হয়ে বাগেরহাটের কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24