চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- চট্টগ্রামে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন।
পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে নগরীর দেওয়ানহাট এবং ভোর পাঁচটার দিকে মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মিস্ত্রিপাড়া এলাকায় ট্রাক উল্টে মো. শাহজাহান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে কর্তব্যরত ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর নাসিরাবাদ থেকে ট্রাকটি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল। ট্রাকে মোট ২০ জন শ্রমিক ছিল।
মিস্ত্রিপাড়ায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলে শাহজাহান মারা যান।
আহত ১৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
ওদিকে ভোর পাঁচটার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাবের (৪০) নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মইজ্যারটেক এলাকায় কাভার্ড ভ্যান একটি টেম্পুকে চাপা দিলে এর যাত্রী সাবেরসহ তিনজন আহত হন। তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে সকাল আটটার দিকে সাবেরের মৃত্যু হয়।
সাবের বাঁশখালী উপজেলার মন্দির তলা গ্রামের দুদু মিয়ার ছেলে।
এই ঘটনা আহতরা হলেন একই উপজেলার লালিয়ারহাটের মহিউদ্দিন (১৮) ও বড়তলি গ্রামের শাহজাহান (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/১৬৩৫ ঘ.
bdnews24