চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী ওয়াগান লাইনচ্যুত হওয়ার পর রোববার ভোর সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো।
কর্মকর্তারা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের এক কিলোমিটার দূরে শহরের বিদিরপুর-মিলকী এলাকায় রোববার ভোর ৫টার দিকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী ওয়াগানের চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টায় ১৬ ডাউন খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যায় পাঁচটি যাত্রীবাহী বগি ও একটি মালবাহি ওয়াগান নিয়ে। এরপর ৫টা ১০ মিনিটে স্টেশনের এক কিলোমিটার দূর বিদিরপুর-মিলকী এলাকায় মালবাহী ওয়াগানের চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি জানান, আমনুরা রেলওয়ে জংশন থেকে মেকানিক্যাল বিভাগের কর্মীরা এসে লাইনচ্যুত ওয়াগানটি উদ্ধার করার পর বেলা সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
স্টেশন মাস্টার মনিরুজ্জামান আরো জানান, মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আটকাপড়া সিরাজগঞ্জগামী মেইল ট্রেনটি ছেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩৭ ঘ.
bdnews24