২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাভেল ব্যাগে যুবকের লাশ

রাজধানীর মিরপুরে আবর্জনার স্তুপে পড়ে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 05:24 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুরে আবর্জনার স্তুপে পড়ে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় থেকে ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার পরনে ছিলো লাল শার্ট ও জিন্স প্যান্ট। এলাকাবাসীর বরাত দিয়ে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৮টার দিকে কয়েকজন লোক একটি মাইক্রোবাসে করে আর্বজনার স্তুপের মধ্যে ট্রাভেল ব্যাগটি ফেলে যায়। তা দেখে সন্দেহ হওয়ায় তারা টহল পুলিশকে খবর দেয়। তিনি বলেন, "পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলতেই হাত-পা বাধা অবস্থায় ওই যুবকের লাশ বেরিয়ে আসে। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।" এসআই শাহেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১১১৯ ঘ.