চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের মালবাহী ওয়াগান লাইনচ্যুত হয়ে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের এক কিলোমিটার দূরে শহরের বিদিরপুর-মিলকী এলাকায় রোববার ভোর ৫টার দিকে মালবাহী ওয়াগানটির চারটি চাকা লাইনচ্যুত হয়। সকাল ১০টা পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টায় ১৬ ডাউন খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যায় পাঁচটি যাত্রীবাহী বগি ও একটি মালবাহি ওয়াগান নিয়ে। এরপর ৫টা ১০ মিনিটে স্টেশনের এক কিলোমিটার দূর বিদিরপুর-মিলকী এলাকায় মালবাহী ওয়াগানের চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি জানান, আমনুরা রেলওয়ে জংশন থেকে মেকানিক্যাল বিভাগের কর্মীরা এসেছেন। তারা লাইনচ্যুত ওয়াগানটি উদ্ধারের চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০২১ ঘ.
bdnews24