নীলফামারী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফমারীতে অ্যানথ্রাক্স আক্রান্ত দুইজনকে সনাক্ত করা হয়েছে।
এরা হলেন- জলঢাকা উপজেলার মীরগঞ্জ নিজপাড়ার সামসুজ্জামান লিখন (১৯) ও পশ্চিম গোলমুন্ডা চৌধুরীপাড়ার সুমাইয়া জামান এশা (৪)। এরাই জেলায় প্রথম অ্যানথ্রাক্স সনাক্ত হওয়া রোগী।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ নিয়ে দেশে মোট অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১৭। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সর্বশেষ পাবনার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া গ্রামে পাঁচ অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়।
তবে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) হিসাবে ১৮ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ৫৯৯ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এখানে নীলফামারীর হিসাব অন্তর্ভুক্ত নয়।
শনিবার জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গাউছুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাৎক্ষণিকভাবে অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
আক্রান্ত লিখন জানান, গত ১৫ সেপ্টেম্বর উপজেলার টেংগনমারী বাজার থেকে গরুর মাংস কিনে তার বোনের বিয়ের অনুষ্ঠান করা হয়। এর দু'দিন পর তার শরীরে ব্যথা ও জ্বর হয়। গত বুধবার বাম হাতে একটি ফোড়া ওঠে।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ডাক্তারকে দেখালে তার অ্যানথ্রাক্স হয়েছে বলে জানানো হয়।
এদিকে শনিবার এশাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন তার বাবা ফারুকুজ্জামান খোকন।
এশার বাম হাতের কনুইয়ের উপরে ঘা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪২ ঘ.
bdnews24