ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের ব্যবধানে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আরো এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত আরিফুর রহমান (১৯) আদমজী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
শনিবার বিকাল সাড়ে ৫টায় ফার্মগেটে সেজান পয়েন্টের সামনে বাসচাপায় নিহত হন আরিফুর। তিনি আদমজী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে সেজান পয়েন্টের সামনে বাসচাপায় আরিফুর রহমান গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আরিফুর রহমানের বাসা ৮৭৭/১/এ দক্ষিণ কাফরুল।
শুক্রবার সকালে মিরপুর রোডে পিকআপচাপায় নিহত হন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র মোস্তাফিজুর রহমান। তার মৃত্যুর প্রতিবাদে সহপাঠিরা রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯৩৬ ঘ.
bdnews24