২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইনজীবীরা এখন লার্নিং ছেড়ে আর্নিংয়ে ব্যস্ত'

আইন পেশার বর্তমান চিত্র তুলে ধরে তার সমালোচনা করেছেন ওই পেশায়ই যুক্ত কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন পেশার বর্তমান চিত্র তুলে ধরে তার সমালোচনা করেছেন ওই পেশায়ই যুক্ত কয়েকজন। শনিবার এক আলোচনা সভায় অনেকেই বলেন, আইনজীবীরা পেশায় সৎ থাকছেন না। বিয়াম মিলনায়তনে 'বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি' বিষয়ক ওই সেমিনারে বিচারপতি মীর্জা হোসাইন হায়দার বলেন, "এক সময় আইনজীবীরা লার্নিং নিয়ে থাকতো। পেশার আদর্শ নিয়ে কাজ করতো। কিন্তু এখন আইনজীবীরা লার্নিং বিষয়টা ভুলে আর্নিং-এ বেশি ব্যস্ত।" ড. কামাল হোসেন বলেন, "যে শত বছরের বিচার বিভাগ নিয়ে আমরা গর্ববোধ করেছি। আইনজীবীরাও সেই বিচার বিভাগের আস্থা অর্জন করেছে। কিন্তু ওই আইনজীবীদেরকেই আজ মক্কেলরা লাঠিয়ালের মত ব্যবহার করছে।" অর্থ ঋণ আদালতে কিছু আইনজীবীর কারণে ব্যংক ব্যবস্থা ধ্বংস হতে বসেছে অভিযোগ করে কামাল হোসেন বলেন, "অর্থঋণ আদালতে কি শুরু হয়েছে? এখানকার যেসব কাহিনী শুনি তাতে দেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। সরকারের কাছ থেকে শত কোটি, হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা না দেওয়ার জন্য কেউ কেউ আইনজীবীদের কাছে যাচ্ছেন। এসে রিট লিখে দেওয়ার জন্য বলছেন, লিখে দেন, যা টাকা চান, দেব। আইনজীবীরাও টাকার জন্য সেই কাজ করে যাচ্ছেন।" জ্যেষ্ঠ আইনজীবীদের কারণে এডিআর কার্যকর হয়নি উল্লেখ করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "বিভিন্ন স্থানে বিচারকরা এডিআর পরিচালনার জন্য যে সব জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছিল, তারা নিজেদের মামলা নিয়েই ব্যস্ত ছিলেন। তারা ধরে নিয়েছিলেন এতে তাদের আয় কমে যাবে।" তিনি বলেন, "জ্যেষ্ঠ কোনো আইনজীবী তৎপর হলে বিচারপতিরা ওই মামলাকে গুরুত্ব দেয়। কিন্তু স্বল্প আয়ের মানুষের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ধরা সম্ভব হয় না বলে তার দুর্ভোগ আরো বেড়ে যায়। বছরের পর বছর ধরে ওই মামলা ঝুলে থাকে।" বিচারপতি নূরুজ্জামান বলেন, "আগে আইনজীবীদের সিদ্ধান্ত নিতে হবে তারা মামলা নিষ্পত্তি চান, নাকিএকটা জঞ্জাল করতে চান। মামলার উদ্দেশ্য হয়রানি করার জন্য হলে তা নিষ্পত্তি হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮০৫ ঘ.