রাজশাহী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. উত্তম কুমার সিংহবল (৪২) এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
নিহত উত্তম কুমার হাসপাতালের নাক, কান, গলা বিভাগের চিকিৎসক ছিলেন। তার বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়।
শুক্রবার রাত ১২টার দিকে নওগাঁর বদলগাছি উপজেলা সদরের উত্তরে কিত্তপুর এলাকার ওই দুর্ঘটনায় আহত হন রামেক হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. নীনা খানম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন
রামেক অধ্যক্ষ ডা. এবিএম আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়পুরহাটের একটি ক্লিনিকে রোগী দেখে প্রাইভেটকারে রাজশাহী ফেরার পথে নওগাঁর কিত্তপুর এলাকায় একটি কালভার্টে ওঠার সময় গাড়িটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উত্তম কুমার মারা যান।
তিনি জানান, একই গাড়িতে থাকা ডা. নীনা খানম হাতে আঘাত পেয়েছেন। রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সকালে উত্তমের লাশ রামেক হাসপাতালে ময়না তদন্ত শেষে দুপুরে তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে বলেও জানান রামেক অধ্যক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৭৫৬ ঘ.
bdnews24