২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় নিখোঁজ লঞ্চযাত্রীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় নিখোঁজ তিন লঞ্চযাত্রীর একজনের লাশ উদ্ধার হয়েছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 11:29 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় নিখোঁজ তিন লঞ্চযাত্রীর একজনের লাশ উদ্ধার হয়েছে শনিবার। নিহত মানিক মাদবর (৩৫) শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিসপাড়া গ্রামের শামসু মাদবরের ছেলে। ঢাকায় পোশাক ব্যবসায় জড়িত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে লৌহজংয়ের ঋসিবাড়ির কাছে মানিকের লাশ ভেসে ওঠে। নিখোঁজ অপর দু'জনের সন্ধান এখনো মেলেনি। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এমভি পারভীন নামের লঞ্চটি শরীয়তপুরের উদ্দেশ্যে মাওয়া ঘাট থেকে ছাড়ামাত্র প্রচণ্ড স্রোতে একটি ফেরির সঙ্গে ধাক্কা খায়। এতে কয়েকজন লঞ্চযাত্রী ছিটকে পদ্মায় পড়ে যান। কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন তিনজন। লৌহজং থানার ওসি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানিক কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সেদিন ওই লঞ্চে উঠেছিলেন। দুর্ঘটনার সময় তিনি নদীতে পড়ে যান। সনাক্তের পর মানিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭২৫ ঘ.