নরসিংদী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে যাত্রীবাহী বাস ও অটো রিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
শনিবার সকালে রায়পুরা উপজেলার গকুলনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার চাঁনপুর বড় বাড়ির সালাউদ্দিন মিয়া (২৭)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় আরো তিনজন আহত হন। হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী।
আহতদের মধ্যে ইটনার কালিপুর গ্রামের জুয়েল মিয়াকে (২৩) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন সোহেল মিয়া (২৫) ও হযরত আলী (৩০) কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্রসহ ২৫ জন আহত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম এর বরিশাল প্রতিনিধি জানিয়েছেন।
শুক্রবার রাত ৮টার এ দুর্ঘটনায় আহতদের মধ্য ১০ ছাত্রসহ ১৩ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্র কাওছার জানান, তারা ১০ সহপাঠি কুয়াকাটা থেকে বাসে বরিশাল ফিরছিলেন। কুয়াকাটা-কলাপাড়া সড়কে বাসটি একটি টমটমকে ধাক্কা দিয়ে এরপর উল্টে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১১ ঘ.
bdnews24