ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পরিবেশ নেই'- এ অভিযোগ তুলে সংসদের চলতি অধিবেশনে যাচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংসদে বিরোধী দলের ফেরার মতো পরিবেশ এখনো তৈরি করতে পারেনি সরকারি দল।
তবে যদি পরবর্তী সময়ে 'পরিবেশ' সৃষ্টি করা হয়, তবে বিএনপি যেতে পারে বলে জানান তিনি।
সংসদে ফেরা, না ফেরার সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তই তুলে ধরেন আনোয়ার।
গত সোমবার শুরু হয়েছে নবম সংসদের ষষ্ঠ অধিবেশন। অধিবেশনের শুরুতেই স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছিলেন।
সংসদের পঞ্চম অধিবেশনে জাতীয় বাজেট উপস্থাপনের আগে ২ জুন ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি। গত সোমবার শুরু হয়েছে ষষ্ঠ অধিবেশন। এর আগে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে টানা অনুপস্থিত ছিলো বিরোধী দল। চতুর্থ অধিবেশনে অবশ্য কিছু দিন অংশ নেয় তারা।
সংসদের আইন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, নবম সংসদের পঞ্চম অধিবেশন পর্যন্ত মোট ১৫৮ কার্যদিবসের মধ্যে বিরোধী দলের সদস্যরা ১১৪ দিনই অনুপস্থিত ছিলেন। এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মাত্র পাঁচ দিন সংসদে উপস্থিত ছিলেন।
এমকে আনোয়ার বলেন, "সংসদে যাওয়ার বিষয়ে স্থায়ী কমিটিতে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো বলছি, আমরা সংসদে যেতে চাই। এজন্য অপেক্ষা করবো, বিরোধী দল হিসেবে সংসদে আমাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দিলে অবশ্যই আমরা সংসদে ফিরে যাব।"
সংসদের চলতি অধিবেশন শুরুর দুই দিন আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদে যোগ দেওয়ার পক্ষে নিজের মত তুলে ধরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী কমিটির বৈঠক ডাকেন।
সংসদে না যাওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে আনোয়ার বলেন, "সংসদে জাতীয় সমস্যা নিয়ে কোনো আলোচনা এখন হয় না। সেখানে মিথ্যাচার ও কুৎসিত আলোচনা হয়। সরকারি দলের সদস্যরা গালাগালি করেন। সরকার যদি বিরোধী দলকে এরকম চাপের মুখে রাখতে চায়, তাহলে আমরা সংসদে যাব কীভাবে?"
তিনি অভিযোগ করেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সদস্যরা তা পাননি।
সংসদ অধিবেশনে না গেলেও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির সংসদ সদস্যরা অংশ নেবেন বলে জানান আনোয়ার।
"সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকগুলোতে কথা বলা যায় বলে সেখানে অংশ নিচ্ছি। সংসদের অধিবেশন কথা বলতে দেওয়া হয় না বলে আমরা সেখানে যোগ দেওয়া থেকে বিরত রয়েছি", বলেন তিনি।
সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে বিএনপি যোগ দেবে কি না- জানতে চাওয়া হলে আনোয়ার বলেন, "সংবিধানের কী কী বিষয় সংশোধন হবে- তা আমাদের জানানো হয়নি। তারা (আওয়ামী লীগ নেতা) বলে, '৭২ সালের সংবিধানে ফিরে যাবে। সেই ফিরে যাওয়া কি চতুর্থ সংশোধনীসহ না অন্য কিছু, তা স্পষ্ট নয়।"
ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের বিষয়ে আনোয়ার বলেন, "বিশ্বের প্রায় সব দেশেই ধর্মভিত্তিক রাজনীতি কার্যকর রয়েছে। পাশের দেশ ভারতে বিজেপি, শিবসেনাসহ অনেক ধর্মভিত্তিক দল রয়েছে। জার্মানিতে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি একটি ধর্মভিত্তিক দল। ইংল্যান্ডের রানী সেখানকার চার্চের প্রধান। তাই এসব বিষয়ে সংবিধান সংশোধন করতে হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করতে হবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার মাহবুব হোসেন, এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন, মহিলা সংসদ সদস্য শাম্মী আখতার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪২ ঘ.
bdnews24