ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে ফেইসবুক ইউজাররা বুধবার রাতে প্রায় দেড়ঘণ্টা সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই ওয়েবসাইটে ঢুকতে পারেননি।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ফেইসবুক ব্যবহারকারীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, রাত ১১টা ৪০ মিনিট থেকে ১টা ১২ মিনিট পর্যন্ত তারা এই সামাজিক নেটওয়ার্কিং সাইটে লগইন করতে পারেননি।
হঠাৎ করে ফেইসবুক ব্লক হয়ে যাওয়ার কারণ সম্পর্কে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটর ম্যাঙ্গো টেলি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা এখানকার কোনো সমস্যা নয়। সমস্যাটা ফেইসবুক কর্তৃপক্ষের।"
এর বেশি তিনি আর কিছু জানাতে পারেননি।
গত ২৯ মে সরকার সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি বন্ধ (ব্লক) করে দিয়েছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অনুরোধে এটা করা হয় বলে ওই সময় বিটিআরসির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এর আগে পাকিস্তান সিরিয়া, চীন, ভিয়েতনাম ও ইরানেও ফেইসবুক সাময়িকভাবে ব্লক করে দেওয়া হয়।
বাংলাদেশে ফেইসবুক ইউজার প্রায় আট লাখ ৭৫ হাজার। আর বিশ্বব্যাপী এই সংখ্যা প্রায় ৪০ কোটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এইচএ/০১২০ ঘ.
bdnews24