বগুড়া, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় শ্রমিকলীগ নেতা হাসানুজ্জামান নাসিম ও ইসরাফিল হোসেন রঞ্জু হত্যা মামলায় পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাতে শহরের নারুলী এলাকার বাড়ি থেকে পুলিশ শহিদুল ইসলাম খুশি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকায় শরিফ উদ্দিনের ছেলে।
এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হল।
এর আগে গত রোববার সকালে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মেহেদী হাসান বাবর ও সুলতান নামের আরো দু'জনকেও আটক করে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল হক জানান, খুশি পুলিশের কাছে স্বীকার করেন যে, হত্যাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার ঘটনা ঘটায়। খুশি ঘটনাস্থল থেকে একটু দূরে হত্যাকারীদের দু'টি মোটরসাইকেল পাহারা দিয়েছিলেন।
গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ২টায় জেলা শহরের নারুলী বাজার এলাকায় ২০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হাসানুজ্জামান নাসিম ও নির্বাহী সদস্য ইসরাফিল হোসেন রঞ্জুকে গুলি করে ও ধারালো হত্যা করে দুর্বৃত্তরা।
রোববার হাসানুজ্জামান নাসিমের বড় ভাই ইফতেখারুল আলম ছয়জনকে আসামি করে বগুড়া সদর থানায় একটি মামলা করেন।
আসামিরা হলেন- বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জামিলুর রহমান শুভ, পুশকিন, পিন্টু, জুয়েল, মতিন ও সুমন। এছাড়া অজ্ঞাত আরো ২/৩ জনকেও আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৪ ঘ.
bdnews24