নাটোর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন পোড়ানোর অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে হরফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরফ আলী (৪৫) কে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীরা থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করলে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, হরফকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, খাকসা গ্রামের হরফ মঙ্গলবার রাতে তার স্ত্রীর কাছ থেকে ধর্মগ্রন্থের একটি কপি নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। ঘটনাটি জানাজানি হলে তাকে গ্রেপ্তারের দাবিতে রাতেই এলাকাবাসী থানা ঘেরাও করে নালিশ জানায়।
বুধবার সকালে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী নাটোর-ঢাকা সড়ক অবরোধ করে। তখন পুলিশ ও স্থানীয় প্রশাসনে কর্মকর্তারা সেখানে গিয়ে হরফকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
ওসি বলেন, হরফ আলীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তবে কী কারণে তিনি ধর্মগ্রন্থ পুড়িয়েছেন, তা জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/২০১৫ ঘ.
bdnews24