২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৯ বছর পরও,,,,,,

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর আবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য এসেছে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের এক আইনজীবীর কাছ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 07:58 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর আবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য এসেছে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের এক আইনজীবীর কাছ থেকে। ওই আইনজীবীর বক্তব্যের কড়া সমালোচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররার বলছেন, তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। ফখরুল ইসলাম নামে ওই আইনজীবী বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের পর সাংবাদিকদের বলেন, "একাত্তরে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের, বাংলাদেশের সঙ্গে নয়।" একদিন আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তির বিষয়ে এক আবেদনের শুনানিতেও একই কথা বলেন ফখরুল। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. নিজামুল হক তাকে কড়া ভাষায় বলেন, "এটা ঠিক নয়, মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে।" ফখরুল সাংবাদিকদের বলেন, "একাত্তরের সেই যুদ্ধে পাকিস্তানের সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করে, বাংলাদেশের ওসমানীর (বাংলাদেশের সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানী) কাছে নয়।" নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো, যা ইতিহাসে আছে। ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ট্রাইব্যুনালের আইনজীবী জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, "যারা স্বাধীনতার ৩৯ বছর পরও এ ধরনের মন্তব্য করে, তারা পাকিস্তানি চিন্তা-চেতনা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। এ ধরনের উক্তি রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী।" ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, এ ধরনের বক্তব্যের জন্য ফখরুলের নাগরিকত্ব বাতিল হতে পারে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। এরপর গ্রেপ্তার করা হয় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে। যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে ফখরুল বলেন, "মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার করতে হলে ১৯৫ জন পাকিস্তানির বিচার করতে হবে।" তিনি ওই পাকিস্তানিদের ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/১৩৪০ ঘ.