ফরিদপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার রাতে এক ওষুধ ব্যবসায়ী খুন হয়েছেন।
পুলিশ জানিয়েছে, উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মুটরা গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার সকালে নূরু শেখ (৪০) নামের ওই ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ভাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার কেরানীগঞ্জের ওষুধ ব্যবসায়ী নূরু শেখ সোমবার বাড়িতে আসেন।
তিনি বলেন, নূর শেখ মঙ্গলবার রাতে বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ওসি জানান, ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধারের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৪৩ ঘ.
bdnews24