ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ থেকে শিশু পাচার প্রতিরোধে সচেতনতা প্রকল্প গ্রহণ করেছে ইতালির উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস (টিভিএইচ)।
মঙ্গলবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
টিভিএইচ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত ড. উরস হ্যারেন ও টিভিএইচ ইতালির কান্ট্রি প্রতিনিধি প্যাট্রিজিয়া গ্যাটনী।
রাষ্ট্রদূত উরস হ্যারেন বলেন, দারিদ্র্য আর অশিক্ষার কারণে বাংলাদেশে শিশু পাচারের মতো ঘটনা অহরহ ঘটছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে এর কারণগুলো বের করে প্রতিবিধান করতে হবে। এ ব্যপারে আন্তর্জাতিক সাহায্যও প্রয়োজন।
প্যাট্রিজিয়া গ্যাটনী বলেন, এ প্রকল্পের পরিকল্পনা করার সময় সমস্যা হিসেবে বেশ কিছু বিষয়কে চিহ্নিত করা হয়। এগুলোর মধ্যে ছেলে ও মেয়ে শিশুর বৈষম্য, মেয়েদের স্বাবলম্বী না হওয়া, যৌতুক প্রথা, বাল্য বিবাহ ইত্যাদি গুরুত্বপূর্ণ।
এ প্রকল্পের আওতায় বেশ কয়েকটি জেলায় ছবি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
এছাড়া আরো ১১টি এলাকায় ছবি প্রদর্শনের আয়োজন করা হবে। এগুলো হলো পটুয়াখালি, সাতক্ষীরা, যশোর,ফরিদপুর,জামালপুর,পীরগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, সৈয়দপুর, কুড়িগ্রাম। ২০১১ সালের জানুয়ারিতে ঢাকার জাতীয় জাদুঘরে চূড়ান্ত প্রদর্শনী হবে। পটুয়াখালী জেলায় টিভিএইচ-নেদারল্যান্ডের ভ্রাম্যমান হসপিটাল বোটে আরো একটি প্রদর্শনের আয়োজন করা হবে।
সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এ প্রকল্পে অর্থায়ন করবে। এক্সপোফারাম জিএমবিএইচ এবং টিভিএইচ-ইতালি এটি বাস্তবায়ন করবে। এছাড়াও জাগরণী চক্র অন্যান্য সহযোগিতা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩৫০ঘ.
bdnews24