২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফেরা: বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়নি

সংসদে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই মঙ্গলবার রাতে শেষ হয়েছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 06:16 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই মঙ্গলবার রাতে শেষ হয়েছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক। সব সদস্যের মতামত নিয়ে বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। দেলোয়ার বলেন, ''সংসদে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজকের বৈঠকে ২/৪ জন মতামত দিয়েছেন। তারা মত দিয়েছেন, সংসদে যাওয়ার পরিবেশ সরকার এখনো সৃষ্টি করতে পারেনি। এই বৈঠকটি মূলতবি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'' মঙ্গলবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। রাত ১১ টা ২০ মিনিটে বৈঠক শেষ হয়। বিএনপি মহাসচিব আরো জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন, সংসদে যাওয়ার পরিবেশ এখনো সরকার সৃষ্টি করতে পারেনি। বরং আরো খারাপ হয়েছে। বৈঠকে সদস্যদের দেওয়া মতামতে তা প্রকাশ পেয়েছে। সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর। বিএনপি সর্বশেষ পঞ্চম অধিবেশনের প্রথম দিন ২ জুন কিছুক্ষণের জন্য সংসদে যোগ দিয়েছিলো। বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, রফিকুল রহমান মিয়া ও সালাহউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয় গত ৭ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/০০১০ঘ.