ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় বছর ধরে পানির বিল না দিয়েই ওয়াসার সেবা নিয়ে আসছিলেন রাজধানীর মিরপুরের এক ভবন মালিক।
মঙ্গলবার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিনের নেতৃত্বে ওয়াসার ভ্রাম্যমাণ আদালতে মিরপুর ১৪ নম্বর সেকশনের একটি বাড়িতে ২৮ লাখ টাকার পানি চুরির এ ঘটনা ধরা পড়ে।
ঢাকা ওয়াসার উপ-প্রধান তথ্য কর্মকর্তা জাকারিয়া আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ছয় বছরে ভবন মালিক ওমর ফারুকের মোট বিল ৩২ লাখ টাকা হলেও তিনি পরিশোধ করেন মাত্র তিন লাখ ৮১ হাজার টাকা।
এ অপরাধে আদালত ওমর ফারুকের কাছ থেকে তাৎক্ষণিক এক লাখ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে। এছাড়া বকেয়া বিল বাবদ তার কাছ থেকে ২৮ লাখ ৭৪ হাজার ৮০০ টাকার একটি চেক আদায় করা হয়।
ওয়াসা কর্মকর্তা জানান, ভবনটির আটটি তলায় রয়েছে তৈরি পোশাক কারখানা। ভবন মালিক প্রত্যেক ভাড়াটের কাছ থেকে নিয়মিত পানির বিলের টাকা আদায় করলেও ওয়াসাকে তা পরিশোধ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24