ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।
অভিযুক্ত মো. হাসানুজ্জামান রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত।
শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেটাইজেশন কমিশনের কর্মচারী মজিবুর রহমানের দায়ের করা এক মামলায় সন্ধ্যায় রমনা থানা এলাকা থেকে হাসানুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, জমি কিনে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে মজিবুর রহমানসহ বেশ কয়েক জনের কাছ থেকে ১০ লাখ টাকা নেন হাসানুজ্জামান। কিন্তু টাকা নেওয়ার পর আত্মগোপন করেন তিনি।
হাসানুজ্জামান দীর্ঘদিন থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২৩২৫ঘ.
bdnews24