ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের সময়ে দেশে মঙ্গা হবে না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
সোমবার যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিক্সের নিউ থিয়েটারে এক সেমিনারে তিনি বলেন, "মৌসুমী দুর্ভিক্ষ বা মঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।
"তাই বাংলাদেশে গত বছর মঙ্গা হয়নি। এ সরকারের মেয়াদে জনগণ আর মঙ্গার মুখোমুখী হবে না।"
তিনি 'মৌসুমী দুর্ভিক্ষের প্রভাবে অভিবাসন' বিষয়ক ওই সেমিনারে বক্তব্যে দেন।
ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের বার্ষিক সম্মেলন এবং গ্রোথ সপ্তাহ ২০১০ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয় বলে ঢাকায় খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক মুশফিক মোবারক।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে প্রধানত দু'টি মৌসুমে কিছু এলাকার নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ে। এ সময় বাজারে পর্যাপ্ত খাদ্যসশ্য সরবরাহ থাকলেও জনগণের কেনার ক্ষমতা থাকে না। এতদিন বিষয়টির যথাযথ মূল্যায়ন না হওয়ায় মানুষকে খাদ্যকষ্টে ভুগতে হয়েছে।
তিনি বলেন, এসব মানুষ কাজের সন্ধানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বসবাস শুরু করত। যারা কাজের সংস্থান করতে পারত না, তারা অতিকষ্টে বা অনাহারে দিন কাটাত।
বর্তমান সরকার আসার পর ওই দু'টি সময়ের জন্য সেসব এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
মন্ত্রী বলেন, সরকারি তহবিল থেকে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কমসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় সামায়িক কর্মহীন হয়ে পড়া এলাকাসহ সারাদেশের গ্রামীণ জনগণের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা হয়।
একইসঙ্গে দুঃস্থদের জন্য বিশেষ ভিজিএফসহ সহযোগিতামূলক কার্যক্রম নেওয়ায় মঙ্গার প্রকোপ থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হয়েছে।
তিনি মঙ্গা সমস্যার সমাধানে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিসহ কৃষি গবেষণা কার্যক্রম জোরদার করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সম্মেলন বুধবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/২৩১৯ ঘ.
bdnews24