ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে অভিযান চালিয়ে প্রায় এক টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে।
সেইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও মজুদের দায়ে নয় জনের বিরুদ্ধে মামলা করে তাৎক্ষণিকভাবে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার পরিবেশ অধিপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পলিথিন বিরোধী অভিযানের তৃতীয় দিনে মহানগরীর শান্তিনগর ও ফকিরেরপুল বাজাওে এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাই ভাই প্যাকেজিং এ অভিযান চালিয়ে প্রায় এক টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ আদালত পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/২৩০০ঘ.
bdnews24