ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের একমাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইট হ্যাকাররা হ্যাক করেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ওয়েবসাইটটি হ্যাকড হয় বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম হেলাল।
তবে পরে রাত ৮টা ৫০ মিনিটে সাইটটি আবারো সচল হয়।
হ্যাক অবস্থায় বাসসের ওয়েবসাইট www.bssnews.net এ ক্লিক করলে দেখা যায়, এতে আনা মুসলিম (aNa Muslim) লেখা রয়েছে।
এ ব্যাপারে ইহসানুল করিম হেলাল রাত সাড়ে আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড় ঘন্টা আগে হঠাৎ করে তাদের ওয়েবসাইটটি অচল হয়ে যায়। এরপর থেকেই সাইটটি মেরামতের চেষ্টা চলছে। বিকল্প ব্যবস্থায় বাসসের সংবাদ পরিবেশন করা হচ্ছে।
ওয়েবসাইট হ্যাকড হওয়ার বিষয়টি তথ্য সচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অবহিত করা হচ্ছে বলেও তিনি জানান।
এর আগে গত ২০ মার্চ সরকারের জেলা ভিত্তিক ওয়েবসাইট জেলা তথ্য বাতায়নও হ্যাকারদের কবলে পড়ে। এতে ৬৪ জেলার মধ্যে ১৯টিই 'এমআইএল ইন্ডিয়ান হ্যাকার' নাম দিয়ে হ্যাকাররা হ্যাক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৪৫ ঘ.
bdnews24