বাগেরহাট, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরাণীগঞ্জ থেকে অপহৃত এক শিশুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলার হাতিরাবাদ গ্রামে পুলিশ এ অভিযান চালায়।
সোমবার বিকালে কেরাণীগঞ্জ থেকে তাকে অপহরণ করা হয়।
উদ্ধার হওয়া আড়াই বছর বয়সী অনন্যা ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কবুতরপাড়া গ্রামের মো. রাশেদ নামে এক ব্যবসায়ীর মেয়ে।
গ্রেপ্তার দু'জন হলেন- মোবারক হোসেন (২৫) ও রায়হান শেখ (২৬)।
মোবারক বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি গ্রামের ইদ্রিস আলী শেখের ছেলে। রায়হান নোয়াখালীর হাতিয়া উপজেলার হোসখালী গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে।
অভিযানে থাকা বাগেরহাটের ফকিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম ফিরোজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবারকের ফুপুর বাড়ি থেকে অনন্যাকে উদ্ধার ও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অনন্যার বাবা রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবারক ও রায়হান তার কারখানা অনন্যা ওয়াশিং ফ্যাক্টরির কর্মচারী। তাই দু'জনকেই তাদের বাড়িতে আসা যাওয়া করতে হতো।
সোমবার বিকালে ঘুরতে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে অনন্যাকে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে মোবারক তাকে ১৫ লাখ টাকা নিয়ে সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় খুলনা-মংলা মহাসড়কের যুগিখালী সেতুর উপর আসতে বলে।
ওই রাতেই তিনি কেরাণীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।
মঙ্গলবার ভোরে তিনি ফকিরহাট পৌঁছে ওই থানার পুলিশ এবং খুলনার র্যাব-৬ কে ঘটনা জানান।
গ্রেপ্তার দু'জন ফকিরহাট থানা হেফাজতে আছেন। তাদের কেরাণীগঞ্জ থানায় সোপর্দ করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24