কুষ্টিয়া, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে মঙ্গলবার ভোরে এক চরমপন্থীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভোর ৪টার দিকে মিরপুরের কুর্শা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত কোরবান আলী (৩৫) মিরপুর উপজেলার কুর্শা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন এম. এল জনযুদ্ধের ক্যাডার বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুর্শা গ্রামের একটি খালের পাশে অভিযান চালিয়ে কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে অস্ত্রগুলো সম্পর্কে জানায়।
ওসি জানান, কোরবানের দেওয়া তথ্য অনুযায়ী ভোর রাতেই তার বাড়িতে তল্লাশী চালিয়ে একটি এলজি, দুই রাউন্ড বন্দুকের গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কোরবানের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩২৪ ঘ.
bdnews24