২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই প্রতারক গ্রেপ্তার

গাজীপুরে একটি ব্যাংকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে গিয়ে ধরা পড়ে সোমবার বিকালে গ্রেপ্তার হয়েছে দুই প্রতারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 07:16 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি ব্যাংকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে গিয়ে ধরা পড়ে সোমবার বিকালে গ্রেপ্তার হয়েছে দুই প্রতারক। পুলিশ জানায়, আইএফআইসি ব্যাংকের টঙ্গী বাজার শাখায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো- শহীদুল হক দীপু (৪৫) ও গাড়ি চালক জাহাঙ্গীর আলম (৩২)। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতারক দীপু আইএফআইসি ব্যাংকের একজন পদস্থ কর্মকর্তা বলে পরিচয় দিয়ে জমি কিনতে এসে টাকার ঘাটতির কথা জানিয়ে ব্যাংকের টঙ্গী বাজার শাখার ব্যবস্থাপক নাজমুন নাহারের কাছে ফোনে ১ লাখ টাকা চায়। ব্যাংক শাখা থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।" রুহুল আমিন জানান, পরে সোমবার বিকালে প্রাইভেট কারে করে ব্যাংকে আসে দীপু ও জাহাঙ্গীর। ব্যাংক কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী থানা পুলিশ রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। মাসখানেক আগে এ চক্রটি একই ব্যাংকের রাজধানীর এলিফ্যান্ট রোড শাখা থেকে একই কায়দায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিলো বলে জানান রুহুল আমিন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩১৬ ঘ.