২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুলে আছে জেনারেল মঞ্জুর হত্যামামলা

জেনারেল মঞ্জুর হত্যামামলায় গত ১৫ বছরে মাত্র ২২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 06:58 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেনারেল মঞ্জুর হত্যামামলায় গত ১৫ বছরে মাত্র ২২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। রাষ্ট্রপক্ষের গাফিলতিতে মামলাটি ঝুলে আছে বলে অভিযোগ উঠেছে। সোমবার এ মামলার সাক্ষ্য গ্রহণের দিনে কোনো সাক্ষী না আসায় ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. বোরহানউদ্দিন আগামী ২৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঠিক করেন। এ মামলার বিচার কাজ চলছে কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ এজলাসে। ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরপরই মেজর জেনারেল আবুল মঞ্জুরকে হত্যা করা হয়। জিয়া হত্যাকাণ্ডে মঞ্জুর জড়িত ছিলো বলে তখন বলা হয়েছিলো। তবে জিয়া হত্যাকাণ্ডে তৎকালীন সেনাপ্রধান এইচএম এরশাদের ইন্ধন ছিলো বলেও অনেক রাজনীতিক বলেন। মঞ্জুর হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালে তার ভাই ব্যারিস্টার আবুল মনসুর আহমেদ চট্টগ্রামে পাঁচলাইশ থানায় একটি হত্যামামলা করেন। ওই বছরই অভিযোগপত্র দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। বিচার শুরু হওয়ার পর মামলাটিতে ১৫২টি ধার্য তারিখে মোট ৪৯ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ হয়। মামলার বিষয়ে জানতে নথিপত্র চাইলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের কর্মচারীরা বিভিন্ন অজুহাতে তা দিচ্ছেন না। একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক রাষ্ট্রপতি এরশাদ আসামি থাকায় বিগত বিএনপি এবং আওয়ামী লীগ সরকার কেউই রাজনৈতিক কারণে মামলাটির দ্রুত নিষ্পত্তি করেনি। এরশাদ বর্তমান সরকারের শরিক হওয়ায় একই অবস্থায় রয়েছে মামলাটি।" বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর প্রায় দুই বছরে এ মামলায় দুই জনের সাক্ষ্যগ্রহণ হয়। এরশাদ ছাড়াও মামলার অভিযোপত্রভুক্ত আসামিরা হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফা কামাল উদ্দিন ভূইয়া, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সামস ও অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক। তারা সবাই হাইকোর্ট থেকে জামিনে আছেন। সাক্ষীদের হাজির না হওয়ার কারণ জানতে চাইলে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি সাহিদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমন পাঠানো হলেও সাক্ষীরা আসেননি।" সোমবার যাদের সাক্ষ্য নেওয়ার দিন ঠিক ছিলো, তারা হলেন- সাবেক সেনাপ্রধান আবু সালেহ মো. নাসিম, মামলার বাদির স্ত্রী বদরুন নাহার, জবানবন্দি গ্রহণকারী হাকিম এমএহান্নান, হাকিম ইসমাইল হোসেন, মঞ্জুরের চিকিৎসা সনদপত্রের সাক্ষী পুলিশ পরিদর্শক খোরশেদ আলম। মামলার অধিকাংশ সাক্ষীই সরকারি কর্মকর্তা-কর্মচারী। অভিযোগপত্র দাখিলের সময় তাদের যে ঠিকানা ছিলো, সে ঠিকানায় এখন তাদের পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। যদিও সাক্ষীদের মধ্যে অনেকেই পরিচিত মুখ। টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানেও তাদের দেখা যায়। এ বিষয়ে ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সাইদুর রহমান বলেন, "আমরা সাক্ষীদের প্রতি সমন ও ওয়ারেন্ট দুই-ই পাঠিয়েছি। পুলিশ প্রতিবেদন পাঠিয়েছে, তাদের পাওয়া যায়নি। এখন আমরা আর কী করতে পারি?" তবে রাজনৈতিক কারণে বিচার বিলম্বের বিষয়টি নাকচ করেন তিনি। মঞ্জুর হত্যার পর বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাকে একটি চা বাগান থেকে ধরে নিয়ে সৈন্যরা হত্যা করে। প্রথমে এটাকে গণপিটুনিতে মৃত্যু বলে প্রচার করা হলেও পরে ময়নাতদন্তে গুলির আলামত মেলে। মনসুর তার মামলায় অভিযোগ করেন, ১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যান মেজর কাজী এমদাদুল হক এবং সেখানেই তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়। ১৯৯৫ সালের ২৮ ফেব্র"য়ারি এ মামলা দায়েরের পর তদন্ত করে ওই বছরেরই ১৫ জুলাই অভিযোগপত্র দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ। বঙ্গবন্ধু হত্যামামলাও তদন্ত করেছিলেন কাহার আখন্দ। এছাড়া শেখ হাসিনার ওপর ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলার তদন্ত কর্মকতাও তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৫০ ঘ.