২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ: ভাংচুর, পরীক্ষা স্থগিত

পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে রোববার রাতে ব্যাপক ভাংচুর চালিয়েছে কয়েকজন নিয়োগ প্রার্থীা। এ কারণে সোমবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 04:39 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে রোববার রাতে ব্যাপক ভাংচুর চালিয়েছে কয়েকজন নিয়োগ প্রার্থীা। এ কারণে সোমবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া যশোরের এক সাংসদের পছন্দের প্রার্থী নেওয়ার জন্য সরকার দলীয় লোকজনের হুমকিতে সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণরা রোববার রাতে ব্যাপক ভাংচুর চালিয়েছে। তারা সিভিল সার্জনের গাড়ি ও কার্যালয়ের দুইটি কক্ষে ভাংচুর করে। এ কারণে সোমবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সিভিল সার্জন ডা. ইমার উদ্দিন কায়েস জানান, রোববার সকালে কার্ডিওগ্রাফার, কম্পাউন্ডার, ওটি বয়, ইমারর্জন্সি এটেন্ডেন্ট ও ল্যাব এটেন্ডেন্টের ১৫টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫২৩ জনের মধ্যে ৪৮ জন উত্তীর্ণ হয়। রাত সোয়া ১টার দিকে নোটিশ বোর্ডে ফলাফল টানানো হয়। এরপরই অকৃতকার্য কয়েকজন কার্যালয়ের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে হামলা ও ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উত্তীর্ণদের সোমবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও সিভিল সার্জন জানান। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। সদর থানার ওসি মো. জমিরউদ্দিন বলেন, ঘটনার বিবরণ দিয়ে জিডি করা হয়েছে। এতে কাউকে অভিযুক্ত করা হয়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। যশোর প্রতিনিধি জানান, সরকার দলীয় এক সাংসদের লোকজনের হুমকিতে যশোর সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। সোমবার সকালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কয়েকটি পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. একেএম সামাদ মিয়া জানান, সকালে সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর স্টোর কিপার, কুক মশালচি ও অফিস সহকারীর ৬৯টি পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলছিল। বেলা ১১টার দিকে সাংসদ খালেদুর রহমান টিটোর চাচাতো ভাই পরিচয়দানকারী মারুফ হোসেন খোকন নামের একজন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত নাথসহ ১৫/২০ জন কার্যালয়ে ঢোকেন। এরপর মোহিত নাথ একটি তালিকা দিয়ে বলেন, "তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়া না হলে চেয়ার থেকে সবাইকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।" এ ঘটনায় আতঙ্কিত হয়ে বোর্ডের সদস্যরা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। নিয়োগ বোর্ডের অপর সদস্যদের মধ্যে ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডা. মোল্যা হারুন-অর-রশিদ, যশোরের সিভিল সার্জন ডা. তরুণ কুমার শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার বণিক ও সরকারি কর্ম কমিশনের সহকারী পরিচালক নির্মল চন্দ্র রায়। সিভিল সার্জন বলেন, নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার জন্য ঢাকা থেকে মৌখিক নির্দেশ এসেছে। তাই মঙ্গলবার ড্রাইভার নিয়োগের মৌখিক পরীক্ষা নেওয়া হবে না। এ ব্যাপারে মোহিত কুমার নাথ জানান, "এমপি (সাংসদ) সাহেব ৫/৬ জন দুস্থ মানুষের জন্য সুপারিশ করতে আমাদের পাঠিয়েছিলেন। আর পরীক্ষা চলাকালে অব্যবস্থাপনা ঠিক করার কথা জানালে তাদের সঙ্গে কিছু কথা-কাটাকাটি হয়।" যশোর-৩ (সদর) আসনের সাংসদ খালেদুর রহমান টিটো বলেন, কয়েকজন গরীব মানুষের নামের তালিকা নিয়ে লোক পাঠিয়েছিলাম নিয়োগ বোর্ডে। তিনি নিয়োগ বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিােযগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.