চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া খরণা এলাকায় প্রাইভেট কার, টেম্পু ও বাসের ত্রিমুখী সংঘর্ষে দৈনিক প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের দুই বছর বয়েসী শিশু সাদিয়া খানম মারা যায় বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. মিজান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় ওই সাংবাদিকের স্ত্রী ও পুত্রসহ আরো ছয়জন আহত হয়েছে। তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই টেম্পুযাত্রী।
পুলিশ প্রাইভেটকার, বাস ও টেম্পু আটক করেছে।
এদিকে, রোববার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় মাইক্রোবাস চাপায় রাসেল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আমীর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফৌজদারহাট কেএম হাই স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্র স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় আহত হয়।
রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ মাইক্রেবাসটি আটক করেছে।
পুলিশ কর্মকর্তা ফারুক জানান, এছাড়া দুপুরে বার আউলিয়া এলাকায় বাস চাপায় মো. মমতাজ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৩৭ ঘ.
bdnews24