২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া শিগগির শুরু হচ্ছে'

প্রায় ছয় মাস বন্ধ থাকার পর শিগগিরই নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ছয় মাস বন্ধ থাকার পর শিগগিরই নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু করতে যাচ্ছে সরকার। তবে শিল্প-কারখানার জন্য নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কমপক্ষে এক থেকে পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্যানেল বসানো বাধ্যতামূলক করা হচ্ছে। রোববার বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী এবং জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এসময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ সচিব বলেন, "শিগগিরই নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হচ্ছে। তবে এক্ষেত্রে নীতিমালায় নতুন বিধান যুক্ত হচ্ছে। শিল্প-কারখানার ক্ষেত্রে নতুন সংযোগ পেতে হলে আবেদনকারীদের কমপক্ষে এক থেকে পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুতের প্যানেল বসাতে হবে।" বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে তিন মাসের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা সময় বাড়িয়ে তা অক্টোবর পর্যন্ত করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ (আরইবি) বিদ্যুৎ কোম্পানিগুলোতে বর্তমানে হাজার হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অনেক নতুন শিল্প কারখানাও আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২০২০ ঘ.