২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি স্টেশন বন্ধই থাকবে

সিএনজি ফিলিং স্টেশন মালিকরা ধর্মঘটের হুমকি দিলেও স্টেশনগুলো ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। (বিস্তারিত তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 11:57 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি ফিলিং স্টেশন মালিকরা ধর্মঘটের হুমকি দিলেও স্টেশনগুলো ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় গ্রিডে নতুন গ্যাস যোগ না হওয়া পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহের জন্য সরকার গত ১৬ অগাস্ট থেকে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। জ্বালানি উপদেষ্টা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গৃহস্থালী কাজে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরো গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। তখনই এ সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, সিএনজি স্টেশন মালিকরা এ বিষয়টি বিবেচনা করবেন। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) স্টেশন মালিকদের সংগঠন সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন শনিবারই হুমকি দেয়, সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী ২৫ সেপ্টেম্বরের পর থেকে ধর্মঘটে যাবে তারা। সারা দেশে মোট ৫৬৫টি স্টেশন রয়েছে। এদিকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তাদের দাবি সম্বলিত চিঠি মন্ত্রণালয়ে দিয়ে এসেছেন। "সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হবো", বলেন তিনি। সিএনজি স্টেশন মালিকদের এ হুমকির পর বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে সরকার। সরকারের পক্ষ থেকে যা বলা হবে, পেট্রোবাংলা তা বাস্তবায়ন করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমকে/এআরআর/এমআই/এইচএ/১৯২০ ঘ.