২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে চারটি 'গ্রেনেড' উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় চারটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। র‌্যাব বলছে, এগুলো হাতে তৈরি তাজা গ্রেনেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 11:00 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় চারটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। র‌্যাব বলছে, এগুলো হাতে তৈরি তাজা গ্রেনেড। রোববার দুপুরে শহরের রেহাইচর এলাকার নতুন স্টেডিয়ামের গ্যালারির নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে এক যুবক নতুন স্টেডিয়ামের উত্তর পাশে গ্যালারির নিচে অডিও ক্যাসেটের ফিতা দেখে তা ধরে টান দেয়। বালির নিচে পলিথিনে লাল টেপে মোড়ানো বন্তু দেখে সে সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালির নিচে বোমা সদৃশ বস্তু দেখে তা র‌্যাবকে জানালে বিস্ফোরক বিশেষজ্ঞ দল তা উদ্ধারে যায়। পরে বালির নিচে পুঁতে রাখা একটি পলিথিনে মোড়ানো অবস্থায় বিস্ফোরক বস্তুগুলো তুলে আনা হয়। লাল টেপে মোড়ানো বিস্ফোরকের সঙ্গে ব্যাটারি ও তার ছিলো। র‌্যাব কর্মকর্তা আনসারুল হক সাংবাদিকদের বলেন, "এগুলো হাতে তৈরি রিমোট কন্ট্রোলড গ্রেনেড। এগুলো বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিলো।" 'গ্রেনেডগুলো' নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৫০ ঘ.