২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দিনে দুপুরে দুটি ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া শহরে রোববার দুপুরে দুটি স্থানে প্রকাশ্যে ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরে রোববার দুপুরে দুটি স্থানে প্রকাশ্যে ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা দিনে দুপুরে ফিল্মি কায়দায় অস্ত্রের মুখে দু'জনের পথরোধ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় একই সময়ে দুটি ছিনতাই হওয়ার খবর মুখে মুখে ছড়িয়ে পড়ায় পুরো শহরে ছিনতাই আতঙ্ক সৃষ্টি হয়েছে। সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের আনন্দ বাজারের মুড়ি ব্যবসায়ী ফরিদ মিয়া (৪৫) নন্দনপুর শিল্পনগরীর কারখানা থেকে দুপুর ২ টার দিকে শহরে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নন্দনপুর থেকে শহরে আসার পথে মেড্ডায় কোকিল টেক্সটাইল মিলের সামনে ৫/৬ জন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। ওসি হামিদুল ইসলাম জানান, প্রায় একই সময়ে শহরের ফারুকী পার্কের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি আনোয়ার হোসেন (২৫)। গ্রামীণ ফোনের স্থানীয় পরিবেশক সাইফুল ইসলাম সুমন জানান, আনোয়ার হোসেন শহরের কাউতলী মোড় থেকে শহরে সিটি সেন্টারে তার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ফারুকী পার্কের সামনে ৬/৭ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। সুমন জানান, গুরুতর অবস্থায় আনোয়ার হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, "ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্যে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩৩ ঘ.