২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটো রিকশার নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ

চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী সিএনজি অটো রিকশার ভাড়া নতুন করে নির্ধারণের উদ্যোগ নিচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 09:03 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী সিএনজি অটো রিকশার ভাড়া নতুন করে নির্ধারণের উদ্যোগ নিচ্ছে পুলিশ। এ ব্যাপারে শিগগিরই আলোচনার আয়োজন করা হবে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান। বিআরটিএ, অটোরিকশা মালিক-চালক সমিতি, পুলিশ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে উন্মুক্ত পদ্ধতিতে এ আলোচনা হবে বলে তিনি জানান। নগরীতে চলাচলকারী সিএনজি অটো রিকশার ভাড়া অতীতে কয়েকদফা নির্ধারণ করা হলেও তা মানা হয় না। এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার নগরীতে প্রাইভেট কার ও মোটর সাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন। আধুনিক মোটর ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম প্রয়োগ করা গেলে চুরি কমতো বলে তিনি মন্তব্য করেন। যানবাহনসহ বিভিন্ন ধরণের সরঞ্জামের স্বল্পতা থাকা স্বত্বেও এবার রমজান মাসে ও ঈদে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল বলে তিনি দাবি করেন। এর আগে রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে মাসিক অপরাধ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৪৩ জন পুলিশ সদস্যকে তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়। সিএমপি কমিশনার আবুল কাশেম তাদের পুরস্কৃত করেন। সম্মেলনে তিনি বলেন, "মাদক উদ্ধার, ছিনতাইকৃত মোবাইল ফোন ও সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার, অপমৃত্যু মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ায় পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হলো।" তিনি বলেন, "ভালো কাজের জন্য পুরস্কৃত করলে অন্য পুলিশ সদস্যরাও উৎসাহিত হবেন। তাই জুলাই মাস থেকে এ পদ্ধতি চালু করা হয়েছে।" জুলাইয়ে ভালো কাজের জন্য নগরীর ১২ থানার ১১ জন এবং অগাস্ট মাসে ভালো কাজের জন্য ৩২ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। জুলাই মাসে সেরা পুলিশ সদস্য নির্বাচিত হয়েছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন ও বাকলিয়া থানার উপ-পরিদর্শক মাঈনুদ্দীন। অগাস্ট মাসে সেরা পুলিশ সদস্য হয়েছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সদীব কুমার দাশ। এসময় অন্যান্যের মধ্যে সিএমপি'র অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল, উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার, উপ-কমিশনার (সদর) ময়নুল ইসলাম, উপ-কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/১৪৪৪ ঘ.