ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি আগামী ২৩ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসবে।
সেদিনের বৈঠকে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সংবিধান সংশোধনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
রোববার সংসদ ভবনে কমিটির বৈঠকের পর তিনি আরো জানান, কমিটির পূর্ব নির্ধারতি ২০ ও ২১ সেপ্টম্বরের বৈঠক হচ্ছে না। বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর পরের বৈঠকের তারিখ ঠিক হবে।
এর আগে গত ২৯ জুলাই কমিটির প্রথম বৈঠকে সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে আদালতের দেওয়া রায়ের 'সঙ্গতি-অসঙ্গতিগুলো' নির্ধারণের সিদ্ধান্ত নেয় সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি।
সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী উচ্চ আদালত বাতিল করার পর সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়।
জিয়াউর রহমান ১৯৭৯ সালে সামরিক ফরমান জারি করে সংবিধানে পঞ্চম সংশোধনী আনেন। এর আগে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়া নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করে ক্ষমতা গ্রহণ করেন।
গত ২১ জুলাই সংসদে বিশেষ কমিটি গঠনের সময় সংসদ নেতা শেখ হাসিনা প্রস্তাব করেন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে কমিটি সংবিধানের বর্তমান ধারাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনীর সুপারিশমালা পেশ করবে।
২৯ জুলাইয়ের বৈঠকের পর ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে এবং জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এমআই/১৪০০ ঘ.
bdnews24