২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

যশোরের শার্শা উপজেলার জামতলায় ঈদগাহ মাঠের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে ট্রাক চাপা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 07:40 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

যশোর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলার জামতলায় ঈদগাহ মাঠের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে ট্রাক চাপা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বাগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, জামতলা ডিএসটি হাইস্কুলের নবম শ্রেণীর মেধাবী ছাত্র শিমুল হোসেন (১৪) রোববার সকাল ৮ টার দিকে সাইকেল যোগে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় সাতক্ষীরা থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। শিমুলের মৃত্যুর খবরে ডিএসটি স্কুল ও তার গ্রামে শোকের ছায়া নেমে আসে। শিমুল শার্শার বড়বাড়িয়া গ্রামের বাবলুর রহমানের ছেলে। এ ঘটনায় স্কুলের ছাত্র ও বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে। এ সময় বিকল্প পথে গাড়ি চলাচল করে। ট্রাক ও এর চালক মনিরুলকে পুলিশ আটক করেছে। মনিরুল যশোর সদরের নরেন্দ্রপুর গ্রামের মোতালেবের ছেলে। এ ব্যাপারে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩১৩ ঘ.