চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের (বিএসআরএম) এক প্রহরীর মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে স্বয়ংক্রিয় লোহার গেটে চাপা পড়া অবস্থায় ইকবাল হোসেন (৩৪) নামে ওই প্রহরীর লাশ উদ্ধার করা হয়। তবে ইকবালের স্ত্রী শামসুন্নাহারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
এ অভিযোগ এনে পাঁচজনকে আসামি করে তিনি বায়েজিদ থানায় একটি মামলাও করেছেন।
সে মামলায় শনিবার দুপুরে ইকবালের তিন সহকর্মী শাহাবুদ্দিন (৩৫), শওকত হোসেন (২৬) ও রূপায়ন চাকমাকে (৩৪) গ্রেপ্তার করা হয় বলে বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা জিজ্ঞাসাবাদে ঘটনাটিকে দুর্ঘটনা বললেও প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা ঘটনাস্থলে নিহতের রক্তের দাগসহ অন্যান্য আলামত নষ্ট করেছে। এ কারণে তাদের সন্দেহ করা হচ্ছে।"
মামলার অপর দুই অভিযুক্ত রাশেদ ইয়াকুব (৩৫) ও আহমেদ কিবরিয়া রিগান (৩২) পলাতক বলে এসআই কালাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৯১৫ ঘ.
bdnews24