২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ আইন সংশোধন বিল উত্থাপন সোমবার

'পরিবেশ আইন অধিকতর সংশোধন বিল ২০১০' এর খসড়া সোমবার জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পরিবেশ আইন অধিকতর সংশোধন বিল ২০১০' এর খসড়া সোমবার জাতীয় সংসদে উত্থাপন করা হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত 'বাংলাদেশের সংবিধানে পরিবেশ বিষয়ের অন্তর্ভুক্তি' শীর্ষক এক সেমিনারে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মোমিন তালুকদার এ কথা জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আব্দুল মোমিন তালুকদার বলেন, "পরিবেশ ও বন রক্ষা করতে হবে জাতীয় স্বার্থে। এটি কোনো দলীয় স্বার্থ নয়। তাই আমরা সরকারি ও বিরোধী দলের সদস্যরা একই প্ল্যাটফর্মে কাজ করছি।" তিনি জানান, 'পরিবেশ আইন অধিকতর সংশোধন বিল ২০১০' এর খসড়া ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে। এ খসড়ায় যেসব প্রস্তাবনা রাখা হয়েছে তা পাস হলে যাতে এর সঠিক বাস্তবায়ন যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, "তবে নদী ও ভূমি দখল বন্ধে সরকারের সদিচ্ছা এবং সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ কার্যকরী ভূমিকা রাখবে।" সেমিনারে 'বাংলাদেশের সংবিধানে পরিবেশ বিষয়ের অর্ন্তভূক্তি' শীর্ষক মূল বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্টের আইনজীবি আবু রায়হান মুহাম্মদ খালিদ। মূল বক্তব্যে আবু রায়হান মুহাম্মদ খালিদ সংবিধানে প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ ব্যবস্থা ও প্রাণি সম্পদকে গণসম্পত্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, "সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। আমাদের সংবিধানে পরিবেশ সংরক্ষণের স্পষ্ট কোনো আইন নেই। যেগুলো রয়েছে সেগুলো অগোছালো ও দুর্বল। পরিবেশের সমস্যা বাংলাদেশের জন্য বেশ কিছুকাল ধরে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই এখনই এটি সংবিধানে সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার সময় হয়েছে।" তিনি আরো বলেন, "বাংলাদেশের সংবিধান ৩১ ও ৩২ নম্বর অনুচ্ছেদে নাগরিকের জীবনের অধিকারকে মৌলিক অধিকার বলে স্বীকৃতি এবং সুরক্ষা দিয়েছে যার সাথে পরিবেশের সুরক্ষা ও প্রতিবেশগত ভারসাম্যও রয়েছে।" জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মীজানুর রহমান নতুন আইন বাস্তবায়নে সকল শ্রেণীর জণগণের সচেতনতামূলক অংশগ্রহণের আহ্বান জানান। সকল ধরণের দখলবাজির মূলে ব্যক্তি মালিকানা প্রক্রিয়াই দায়ী অভিযোগ করে তিনি বলেন, "প্রাকৃতিক পরিবেশকে আশীর্বাদ বলে জনগণের গন্য করতে হবে।" বিশেষ অতিথির বক্তব্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত সর্বদলীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, "সংবিধান অনুযায়ী নাগরিক ও রাষ্ট্র উভয়েরই পরিবেশ রক্ষায় দায়িত্ব রয়েছে। এ ধারাগুলো আরো সুস্পষ্ট ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নতুন খসড়ায় সুপারিশ করা হয়েছে। এ দায়িত্ব যেমন সরকারের তেমনি সর্বস্তরের জনগণেরও।" সেমিনারে সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নুরুল আলম, মানবাধিকার কর্মী মারুফ রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৭১৭ ঘ.