২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পিক আপ ভ্যানের চাপায় এক স্কুল শিক্ষক ও ধামরাইয়ে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে শনিবার প্রাইভেটকারের চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পিক আপ ভ্যানের চাপায় এক স্কুল শিক্ষক ও ধামরাইয়ে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে শনিবার প্রাইভেটকারের চালক নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আশুগঞ্জের কামাউড়ায় সকালে মালবাহী একটি পিক আপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত মো. শফিকুর রহমান (৬০) মহিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি কামাউড়া দক্ষিণপাড়া গ্রামে। শফিকুরের ভাতিজা মো. সোহেল মিয়া জানান, সকাল সাড়ে ৯ টার দিকে শফিকুর মোটর সাইকেলে করে কামাউড়া থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে আশুগঞ্জ যাচ্ছিল। এ সময় সিলেটগামী একটি মালবাহী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডের সামনে শনিবার দুপুরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত হেলাল উদ্দিনের (৩৫) বাড়ি চাঁদপুরে। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী একটি কাগজ বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষ হয়। ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক হেলাল নিহত হয়। আহত হয় ট্রাকের চালক ও তার সহকারী। দূর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দূমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬০০ ঘ.