২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ার গোপালপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে নৌকাবাইচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 09:37 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে নৌকাবাইচ। জেলার দুশ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরে অনুষ্ঠিত হচ্ছে শনিবার। বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রতিবছর স্বতঃস্ফুর্তভাবে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বকর্মা পূজার দিন সকাল থেকেই বিভিন্ন এলাকার বাইচের নৌকা এসে গোপালপুর দোয়াল খালে জড়ো হয়। বিকেলে অনুষ্ঠিত হয় চোখ জুড়ানো নৌকাবাইচ। এবার এ বাইচে অংশ নিচ্ছে ৫০ টি নৌকা। বাইচ উপভোগ করতে সকাল থেকেই দোয়াল খালের দু'পাড়ে মানুষের ঢল নেমেছে। এ উপলক্ষ্যে গোপালপুরে দোয়াল খালের তীরে বসেছে মেলা। গোপালপুর গ্রামের শিক্ষক নন্দ লাল বিশ্বাস ও সমির কুমার বিশ্বাস বলেন, "আমাদের এলাকার নৌকাবাইচ কেউ প্রচলন করেনি। দুশ বছর আগে বিল এলাকার মানুষ চিত্ত বিনোদনের জন্য নৌকা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতো। আর এ থেকে এটি প্রচলিত হয়। সে ঐতিহ্য এখনো চলছে। বাইচ থেকে এলাকার মানুষ নির্মল আনন্দ উপভোগ করে।" গ্রামের প্রবীন বাসিন্দা শুশান্ত বিশ্বাস (৭৩) বলেন, "নৌকাবাইচ থেকে শুধু আনন্দ পেতেই নৌকার মালিকরা নৌকা নিয়ে এখানে আসেন। এ বাইচ উপলক্ষ করে বাড়িতে আত্মীয় স্বজনরা বেড়াতে আসে। সবাই আনন্দ উপভোগ করি।" এর আগে ঈদের পর দিন ১২ সেপ্টেম্বর মধুমতি এমবিআর খালে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা নৌকাবাইচের আয়োজন করে। ২১ টি বাইচের নৌকা এতে অংশ নেয়। এ বাইচ ঈদের আনন্দকে আরো আকর্ষনীয় করে তোলে। নদীর দু'পাড়ে হাজার হাজার মানুষ এ নৌকাবাইচ উপভোগ করে। প্রধান অতিথি জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ও বিশেষ অতিথি মোহাম্মদ আলী খান আবু মিয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এ দিন কাশিয়ানী উপজেলার রাতইল মধুমতি বাওরেও নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ ছাড়া ১৭ সেপ্টেম্বর গোপালপুর ইউনিয়নের গুয়াধানা খালে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। গুয়াধানা যুব সংঘ আয়োজিত এ বাইচে ৪৫টি নৌকা অংশ নেয়। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫২৪ ঘ.