ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার ও শুক্রবার চার জেলায় সাত জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে টাঙ্গাইলে চারজন এবং চট্টগ্রাম, নেত্রকোনা ও বরিশালে একজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার সিএন্ডবি এলাকায় শুক্রবার সকালে বাস চাপায় আবু সৈয়দ (২০) নামের একজনের মৃত্যু হয়েছে।
তিনি চাঁন্দগাও এলাকায় একটি ফার্নিচার দোকানের কর্মচারী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ বিটের নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে সিএন্ডবি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান চাঁন্দগাও থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
পুলিশ বাস ও এর চালককে আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সড়কে শুক্রবার মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১০ জন।
এর মধ্যে তিনজন হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কচুগাড়ি গ্রামের গৌরাঙ্গ (২০), নাটোরের সিংড়া উপজেলার সাতারদিঘী গ্রামের বেলাল হোসেন (২৮), শ্রীকাটা গ্রামের দুলাল মিয়া (৩০)।
আরেকজনের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে সাত জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ধলাটেঙ্গরে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই দিনশ্রমিক ও রিকশাচালক এবং ট্রাকের আরোহী।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. হেলালুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি ধলাটেঙ্গর পৌঁছালে এর একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। সিমেন্টের বস্তা চাপা পড়ে ঘটনাস্থলেই তিন জন মারা যায়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
ট্রাকের চালক পালিয়েছে বলে ওসি জানান।
নেত্রকোনা: জেলার কেন্দুয়া উপজেলায় একটি নৈশ কোচ দুর্ঘটনায় চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয় ১৫ যাত্রী।
বৃহস্পতিবার রাতে পৌর সদরের টেঙ্গুরিপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহাবুব নূরের (৪৫) বাড়ি ময়মনসিংহ জেলা শহরের চর ভবানীপুর গ্রামে।
আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী নৈশ কোচটি টেঙ্গুরীপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মাহাবুব নূর মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয় আটজন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বারতী ইউনিয়নের গাইনের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা।
আহতদের মধ্যে আছলাম (১২), ফয়সাল (৩০), মামুন (২৮), রওশন আরা (৫০), জাকিয়া (২৫) ও তাইরিনকে (১৯) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, ভান্ডারিয়া থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে যাত্রী সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্ট চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমসি/এমইউএস/কেএমএস/ডিডি/২০৫২ ঘ.
bdnews24