কুড়িগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম শহরে বাস চাপা পড়ে পুলিশের দুই কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে হক স্পেশাল পরিবহনের ঢাকাগামী বেপরোয়া গতির একটি বাস কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের সামনে একটি চলন্ত মোটর সাইকেলকে পিছন থেকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক কুড়িগ্রাম পুলিশ লাইনের কনস্টেবল আব্দুল বাতেন (৩২) ঘটনাস্থলেই নিহত হয়।
মোটর সাইকেলের অপর আরোহী কনস্টেবল জাহাঙ্গীর আলমকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২ টার দিকে সে মারা যায়। পুলিশ ঘাতক বাস ও চালক শফিকুলকে তিস্তা সেতু এলাকায় আটক করে।
আব্দুল বাতেনের বাড়ী সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড়ে। তিনি কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকায় স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। তার ছেলে প্রতিবন্ধী।
জাহাঙ্গীর আলমের বাড়ী লালমনিরহাট জেলায়।
কুড়িগ্রাম সদর থানার ওসি তাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, দুই কনস্টেবলের নামাজে জানাজা দুপুর ২ টায় কুড়িগ্রাম পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। পরে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৫২ ঘ.
bdnews24