২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিত বেকারদের গাড়িচালনা প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ

সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষিত বেকার যুবকদের বিনামূল্যে গাড়িচালনা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিতে একটি কর্মশালায় সরকারের প্রতি সুপারিশ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 08:49 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষিত বেকার যুবকদের বিনামূল্যে গাড়িচালনা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিতে একটি কর্মশালায় সরকারের প্রতি সুপারিশ রাখা হয়েছে। গাড়িচালকদের অজ্ঞতা, অসচেতনতা, বেপরোয়া আচরণকে দুর্ঘটনার জন্য দায়ী করে নিরাপদ সড়ক চাই'র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ সুপারিশ করেন। শুক্রবার গাজীপুর পৌরসভা মিলনায়তনে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার প্রধান বক্তা ছিলেন এ চিত্রতারকা। কর্মশালায় জানানো হয়, সারাদেশে সংঘটিত দুর্ঘটনার মধ্যে শুধু সড়ক দুর্ঘটনায় মারা যায় শতকরা ৪৪ থেকে ৪৭ ভাগ মানুষ। ইলিয়াস কাঞ্চন বলেন, "দুর্ঘটনার জন্য শুধু চালকরাই দায়ী নন। পথচারী, ত্র"টিপূর্ণ সড়ক ব্যবস্থা, ত্র"টিপূর্ণ যানবাহন, লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ ও মালিকদের দোষসহ ৪০টি কারণ রয়েছে।" তিনি জানান, শতকরা প্রায় ৯০ ভাগ সড়ক দুর্ঘটনা ঘটে চালকদের অজ্ঞতা, বেপরোয়াভাব ও অসচেতনতা এবং পথচারীদের অসচেতনতার জন্য। কাঞ্চন বলেন, "অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে গাড়ি ওভারটেক করতে গিয়ে। এ জন্য চালকদের গতি জ্ঞান, সতর্ক, ধৈর্য ও দায়িত্ববোধ থাকতে হবে।" এসএসসি উত্তীর্ণ বেকার গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে গাড়ি চালনার প্রশিক্ষণ দিয়ে গাড়িচালক হিসেবে কাজ করার সুযোগ দিলে তা দুর্ঘটনা রোধে কাজে দেবে, বলেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর দ্বিতীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নিসচা'র যৌথ উদ্যোগে ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক। এতে বক্তব্য রাখেন দ্বিতীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. দেলওয়ার হোসেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নিসচার গাজীপুর জেলার সভাপতি মো. গনি মিয়া বাবুল প্রমুখ। প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান বলেন, সারাদেশে সংঘটিত দুর্ঘটনার মধ্যে শুধু সড়ক দুর্ঘটনায় মারা যায় শতকরা ৪৪ থেকে ৪৭ ভাগ মানুষ। উন্নত দেশে এ হার শতকরা ২ থেকে ৪ শতাংশ। কর্মশালায় জেলার কয়েকশ' গাড়িচালক অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪০ ঘ.