পাবনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দিয়েছে সন্ত্রাসীরা।
সন্ত্রাসীদের হামলায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন আহত হয়।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এতে জেলা সদরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সন্ত্রাসীরা বিভাগীয় কমিশনার কার্যালয়ের একটি গাড়ি, জেলা প্রশাসনের তিনটি গাড়ি এবং পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দরজা জানালা ভাংচুর করে।
এ ঘটনার পর রাজশাহী বিভাগীয় কমিশনার এক বিশেষ সভা করে অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন।
জেলা প্রশাসন এই হামলা ও ভাংচুরের জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে।
এদিকে ছাত্রলীগ ও যুবলীগ বলেছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় এবং আগেই লোক ঠিক করায় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে দিয়েছে।
জেলা প্রশাসন সুত্র জানায়, পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী পদের জন্য ২০০৪ সালে দরখাস্ত আহ্বান করা হয়। ১৭টি পদে আবেদন করে ১ হাজার ২শ' জন। শুক্রবার পাবনা জেলা স্কুল ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় লিখিত পরীক্ষা শুরু হয়।
সকাল সাড়ে ৯ টার দিকে ৪০/৫০ জনের একদল যুবক লাঠি সোঠা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা ও প্রশ্নপত্র কেড়ে নেয় এবং শিক্ষক ও পরীক্ষার্থীদের মারধর করে।
তাদের হামলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, কয়েকজন শিক্ষক ও পরীক্ষার্থীসহ ১৫ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পাবনা জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই চাকুরীর বিজ্ঞপ্তি দেওয়া, পরীক্ষা নেওয়াসহ যাবতীয় প্রক্রিয়া রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। কাজেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অজুহাত মাত্র।"
তিনি আরো বলেন, "সন্ত্রাসীরা পরীক্ষার্থীদের মূল আবেদনপত্র, প্রবেশপত্র, প্রশ্নপত্র সবই নিয়ে গেছে। জেলা যুবলীগ ও ছাত্রলীগের একটি গ্র"প এই ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
যুবলীগ ও ছাত্রলীগ নেতারা এই হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করছে। তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩০০ ঘ.
bdnews24