ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই জাল করে সুপারিশ দাখিলকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩১ অগাস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে পাঠানো একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন শাখার পরিচালক কবির বিন আনোয়ার স্বাক্ষরিত ওই চিঠিটি গত ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছে।
চিঠিতে বলা হয়, "ইদানিং সংঘবদ্ধ প্রতারক চক্র প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে বিভিন্ন সংস্থায় সুপারিশ দাখিল করছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসায় তিনি এ আদেশ দিয়েছেন।"
এতে আরো বলা হয়, "প্রধানমন্ত্রী কখনও লিখিত সুপারিশ করেন না। তার স্বাক্ষর সম্বলিত এ ধরনের কোনো সুপারিশ পাওয়া গেলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে যাচাই করতে হবে এবং প্রতারক চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।"
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রনজিৎ কুমার সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ওই চিঠির কথা স্বীকার করেন। তবে প্রধানমন্ত্রীর সই জাল করে এ ধরনের কোনো সুপারিশ করা হয়েছে কিনা তা তিনি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেবি/এইচএ/১৯৪৬ ঘ.
bdnews24