২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে তরুণীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে একটি আখ ক্ষেত থেকে বৃহস্পতিবার বিকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে একটি আখ ক্ষেত থেকে বৃহস্পতিবার বিকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিউলী (২৮) একই উপজেলার রানীনগর গ্রামের সোহরাব আলীর মেয়ে। শিবগঞ্জর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই আখ ক্ষেতে এক তরুণীর লাশ দেখতে পেয়ে ধাইনগর ইউনিয়ন পরিষদে খবর দেয়। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ বিকাল ৪টায় লাশ উদ্ধার করে। তিনি বলেন, "শিউলীর মৃত্যুর কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি।" এদিকে ধাইনগর ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, সকালে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে খবর দিলে তিনি পরিষদের দুই চৌকিদার সোহরাব ও জিতেনকে পুলিশ না আসা পর্যন্ত লাশ পাহারা দেওয়ার জন্য ঘটনাস্থলে থাকতে বলেন। পরে বিকালে পুলিশ এসে উপুড় হয়ে পড়ে থাকা লাশটি উদ্ধার করার সময় সোহরাব লাশটিকে নিজের মেয়ে বলে চিনতে পারে। শিউলী গত ১৩ সেপ্টেম্বর পাশের রানীহাটি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বাড়ির লোকজনের ধারণা ছিল, সে আত্মীয়ের বাড়িতেই রয়েছে। শিউলির লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি আনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৮২৪ ঘ.